সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছিল পাকিস্তান। দলের ব্যর্থতার মাঝেও টুর্নামেন্ট শেষে আলোচিত ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিয়ে তিনি সর্বোচ্চ রান (৩৮৩) সংগ্রহ করেন। সেই ফর্ম এখনো ধরে রেখেছেন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলেও। যদিও তাকে নাকি ‘ভুলবশত’ দলে নিয়েছিল মুলতান সুলতান্স।
সম্প্রতি মুলতান সুলতান্সের সাবেক মালিক আলি তারিন সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন দলটির দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও স্টিভেন স্মিথের। একই সঙ্গে কৃতজ্ঞতা জানান সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খানকে। ফেব্রুয়ারির নিলামে যে ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড গঠন করেছিল, পরে মালিকানা পরিবর্তন হয়ে তা গোহর শাহের হাতে আসে এবং তিনি দলের নাম পরিবর্তন করে মুলতান সুলতান্স রাখেন।
মালিক আলি তারিনের মন্তব্যের জবাবে গোহর শাহ ‘ভুয়া সংবাদ’ দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, মুলতানের স্কোয়াড গঠনে মূল ভূমিকা রেখেছেন প্রধান কোচ টিম পেইন এবং নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে স্টিভ স্মিথও ছিলেন। তবে সাহিবজাদা ফারহান মূল পরিকল্পনায় ছিলেন না।
গোহর শাহ বলেন, ‘এটি ছিল আকস্মিক নির্বাচন। হাসান চিমা ইসলামাবাদের বাজেট ও অন্যান্য পছন্দের ওপর প্রভাব ফেলতে চেষ্টা করছিলেন। শুরুতে ফারহান সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের পরিকল্পনায় ছিলেন না। নিলামের সময় সিয়ালকোটের পরিকল্পনা প্যানেলে ছিলেন হাসান চিমা, অন্যদিকে আমি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টেবিলে। পরে সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি ব্যাংক থেকে দেউলিয়া ঘোষিত হলে মালিকানা পেলাম আমি, নাম দিলাম মুলতান সুলতান্স। সবমিলিয়ে ফারহানকে দলে নেওয়া হয়েছিল মূল্য বৃদ্ধির এবং ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করতে।’
গত বছর ঘরোয়া টুর্নামেন্টে ভালো ফর্ম থাকা সত্ত্বেও ফারহান পিএসএলের নিলামে বিক্রি হননি। পরে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দেন এবং তৃতীয়বারের মতো দলটির হয়ে খেলেন। এর আগে ২০১৮-১৯ মৌসুমে খেলেছিলেন। এছাড়া ২০২২ সালে করাচি কিংস এবং ২০২৪ সালে লাহোর কালান্দার্সের জার্সিতেও খেলেছেন।
চলমান পিএসএলে ফারহান মুলতানের জার্সিতে নবম সেঞ্চুরি করেন। অপরাজিত ১০৬ রানে ভর করে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ২২৬ রানের টার্গেট তাড়া করে জিতে মুলতান। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাত ম্যাচে ৩৮৩ রান করে বিরাট কোহলির এক আসরে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ৫ ম্যাচে ৫৮ গড়ে ২৩২ রান করেছেন। ১৮০ রানে পিছনে আছেন সামির মিনহাস।
বিডি-প্রতিদিন/আশফাক