গরমের সময় জীবাণু নিয়ে কিছুটা বাড়তি ভাবনা থাকে। এ সময়ে খাবার সহজে নষ্ট হয়ে যায়। ঘামে ভেজা ত্বকেও জীবাণুর সংক্রমণের ভয় থাকে। তাই খাবার প্রস্তুত, পরিবেশন ও সংরক্ষণের বিষয়ে যত্নশীল হতে হবে। খাবার নিয়ে যিনিই কাজ করবেন, তাঁর হাত যেন অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পথেঘাটে খোলা খাবার কিংবা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
খাবার সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে। ফ্রিজে সংরক্ষণের সময় এমনভাবে বাটিতে খাবার রাখতে হবে, যাতে তা বের করে একবারেই খেয়ে নেওয়া যায়, অর্থাৎ একই বাটির খাবার বারবার গরম করতে না হয়। বাসি খাবার খাবেন না।
গরম খাবার একটু ঠান্ডা না করে ফ্রিজে রাখতে নেই। খাবার সংরক্ষণের জন্য অ্যালুমিনিয়াম বা কাচের কনটেইনার কাজে লাগাতে পারেন। খাবারের জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করলেও খাবার গরম থাকা অবস্থায় তাতে রাখবেন না।
এমন পোশাক বেছে নিতে হবে, যার মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। নরম সুতি কাপড়ের আরামদায়ক নকশার পোশাক বেছে নেওয়া ভালো।
যেকোনো সময় ঘেমে গেলে দ্রুততম সময়ে মুছে ফেলা প্রয়োজন। বিশেষ করে শরীরের ভাঁজে ভাঁজে যে ঘাম জমা হয়, তা মুছে ফেলার ব্যাপারে যত্নশীল হতে হবে। গোসল ও অজুর পর ত্বক ভেজা না রাখাই ভালো। যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এ ভেজা ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।