এক ম্যাচ পর জয় দিয়েই শিরোপার লড়াইয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে এভারটনের কাছে পয়েন্ট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছিলো তারা। এবার ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শিরোপা লড়াইয়ে সম্ভাবনা উজ্জ্বল রাখল পেপ গার্দিওলার দল। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে সিটিজেনরা।
ঘরের মাঠে ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেও প্রথমার্ধে গোল পায়নি ম্যান সিটি। ৬০ মিনিটে ডেডলক ভাঙ্গে তারা। সতীর্থের কর্নার থেকে বল পেয়ে ডি বক্সের মধ্যে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে দারুণ গোলটি করেন জেরোমি ডোকু। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরলিং হালান্ড। অ্যান্টোয়ান সিমেনিওর বাড়ানো বল প্রতিপক্ষের গোলমুখে জটলার মধ্যে পেয়ে ব্যাকহিলে গোলটি করেন তিনি। লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন হালান্ড। ২৬ গোল করে আবারও গোল্ডেন বুট জয়ের পথে আছেন তিনি। যোগ করা সময়ে মিশরের ফরোয়ার্ড ওমার মার্মুশ গোল করে দলের জয় নিশ্চিত করে দেন। ৩৫ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।


আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করার পরের ম্যাচেই পথ হারিয়ে ফেলল রেড ডেভিলসরা। সান্ডারল্যান্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা তিন জয়ের পথে গত সপ্তাহে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ইউনাইটেড। সেই দলকেই এবার পুরোটা সময় আক্রমণে ভুগতে দেখা গেল। গত ২৪ নভেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ১২টি করে জয় ও ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews