সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জায়নবাদকে মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার প্রধান চালিকাশক্তি এবং মানবতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যে প্রতিটি বিপর্যয় নেমে এসেছে, যে প্রতিটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে- সেগুলোর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শ ও রাষ্ট্রের হাত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। একই সঙ্গে তিনি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে বহিঃশত্রুর হুমকির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে উল্লেখ করেন। খাজা আসিফ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও বর্তমান সংঘাতটি তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।