লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের পুরাতন ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে সোনাইমুড়ি সড়কে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা অলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি রামগঞ্জ মডেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, ঈদের বাজার করতে তিনি মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্য ও আহতদের খোঁজখবর নেন।
এমআর//