ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে ‘নৈতিক, যৌক্তিক ও ন্যায্য’ অবস্থান নেয়ায় বিশ্ব ক্যাথলিকদের প্রধান পোপ লিওকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার ইরানের বার্তাসংস্থা তাসনিম এবং পাকিস্তানের ইংরেজ দৈনিক ডন জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান পোপের কাছে পাঠানো বিশেষ বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে পেজেশকিয়ান অভিযোগ করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মাঝেই কোনো উসকানি ছাড়া, সম্পূর্ণ মিথ্যা অজুহাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। আর এর পেছনে ইসরাইল সরাসরি সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই বেআইনি আগ্রাসনের কারণে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং বেশ কিছু উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন। এছাড়া একটি স্কুলের নিষ্পাপ শিশুসহ ৩,৪৬৮ জন সাধারণ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই হামলায় মসজিদ, সিনাগগ, হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রসহ ইরানের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা স্পষ্ট যুদ্ধাপরাধ।