শেষ কবে সঙ্গীকে হঠাৎ করে বলেছিলেন – আমি তোমাকে ভালোবাসি? মনে আছে? নাকি সংসারের হিসাব, সন্তানের স্কুল, অফিসের চাপের ভিড়ে কথাটা হারিয়ে গেছে?

আমরা প্রায়ই ভাবি, প্রেম তরুণদের জন্য। কিন্তু সত্য হলো - প্রেমের কোনো বয়স নেই। বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, চুলে পাক ধরে; তবু যত্ন পেলে ভালোবাসা ঠিকই তরুণ থাকে।

ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে যখন চারপাশে তরুণ-তরুণীদের উদযাপন চোখে পড়ে, তখন অনেকেই মনে করেন, এটা বোধহয় নতুন সম্পর্কের দিন। অথচ দীর্ঘদিনের দাম্পত্যেই বিশেষ মনোযোগের প্রয়োজন সবচেয়ে বেশি।

বছরের পর বছর একই ছাদের নিচে থাকা মানুষটিও মাঝে মাঝে আলাদা করে গুরুত্ব পেতে চান। একটি ছোট্ট নোট, প্রিয় খাবার রান্না, কিংবা পুরোনো দিনের ছবি দেখে একসঙ্গে হাসা - এসবই সম্পর্ককে আবার নতুন করে তোলে।

গবেষণা বলছে, দীর্ঘমেয়াদি সম্পর্কে ‘ছোট কিন্তু নিয়মিত ইতিবাচক আচরণ’ সম্পর্কের সন্তুষ্টি বাড়ায়। দ্য গটম্যান ইনস্টিটিউটের মতে, প্রতিদিনের ছোট ছোট যত্ন - যেমন মন দিয়ে শোনা, কৃতজ্ঞতা প্রকাশ, আলতো স্পর্শ – সুখি দাম্পত্যকে দীর্ঘস্থায়ী করে। কারণ ভালোবাসা বড় আয়োজনে নয়, ধারাবাহিক যত্নে টিকে থাকে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগীয় সংযোগ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতি ব্যবহারিক কথাবার্তায় সীমাবদ্ধ হয়ে যান। কিন্তু গবেষণা বলছে - আবেগ নিয়ে কথা বলা, দিনের ভালো-মন্দ ভাগ করে নেওয়া মানসিক ঘনিষ্ঠতা বাড়ায়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মানসিক সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ দাম্পত্য সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে বাড়ায়।

প্রেমকে তরুণ রাখার জন্য বড় আয়োজনের দরকার নেই। সপ্তাহে একদিন একসঙ্গে হাঁটা, মাসে একদিন ছোট্ট ডেট, অথবা প্রতিদিন অন্তত ১৫ মিনিট নিরবচ্ছিন্ন কথা - এগুলোই সম্পর্কের ইমোশনাল ভিটামিন। এমনকি এক কাপ চা ভাগ করে খাওয়ার মধ্যেও লুকিয়ে থাকতে পারে গভীর সংযোগ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ধরা-বাঁধা ধারণা ভাঙা। বয়স ২৫ হোক বা ৬৫, ভালোবাসা প্রকাশে লজ্জা নেই। বরং দীর্ঘদিনের সম্পর্কে প্রকাশ না করা অনুভূতিই দূরত্ব তৈরি করে। আজও যদি সঙ্গীর দিকে তাকিয়ে মনে হয় - এই মানুষটিই আমার - তবে সেটিই প্রেমের প্রমাণ।

প্রেমের বয়স হয় না; হয় শুধু সম্পর্কের অভ্যাস। আর যতদিন সেই অভ্যাসে থাকবে যত্ন, সম্মান ও কৃতজ্ঞতা, ততদিন প্রেম থাকবে তরুণ।

সূত্র: দ্য গটম্যান ইনস্টিটিউট, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, জার্নাল অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি, হার্ভার্ড হেলথ পাবলিশিং

এএমপি/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews