ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠান ও মঞ্চে অভিনয়, নাচ এবং তার আলোচিত ডিগবাজির মাধ্যমে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি। এবার অবশ্য ভিন্ন পরিচয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। বড় বাজেটের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

‘শিকারি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণায় সরব ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

গানটির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জায়েদ খান জানান, ‘শিকারি’র দৃশ্যধারণে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল স্পোর্টসকার, আকর্ষণীয় মোটরসাইকেল এবং বিদেশি মডেল। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নান্দনিক লোকেশনে এর শুটিং হয়েছে। পুরো আয়োজনটি তার ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

মিউজিক ভিডিওটির নির্মাণ ও আয়োজন নিয়ে বেশ আশাবাদী জায়েদ খান। তার ভাষ্য, দর্শকের প্রচলিত বিনোদনের চাহিদার কথা মাথায় রেখে ভিডিওটিতে বড় পরিসরে কাজ করা হয়েছে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে হলিউড ঘরানার কাজের যে আকাঙ্ক্ষা ছিল, ‘শিকারি’র মাধ্যমে সেটিরও কিছুটা পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

জায়েদ খান বলেন, একটি চলচ্চিত্রের গানের জন্য যে ধরনের সময়, আয়োজন ও নান্দনিক লোকেশন প্রয়োজন হয়, ‘শিকারি’র ক্ষেত্রেও তার চেয়ে কোনো অংশে কম যত্ন নেওয়া হয়নি। বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিনন্দন বিভিন্ন স্থানে সময় নিয়ে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। দেশ-বিদেশের দর্শক মিউজিক ভিডিওটি উপভোগ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে গানটির দৃশ্যধারণ শেষ হয়। এতে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল অংশ নিয়েছেন।

বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি ভিডিওতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাকে। ফলে গানটির ভিজ্যুয়াল আয়োজনেও থাকছে আন্তর্জাতিক আবহ।

‘শিকারি’র মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। এর কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন রোহান বিল্লাল। নতুন এই আয়োজনে জায়েদ খানের উপস্থিতি কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews