টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, মঙ্গল ও বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার চরবেতাগৈর আঞ্চলিক সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে হঠাৎ করেই বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়। একপর্যায়ে সড়কটি মাঝখান থেকে ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কার্পেটিং সড়কটি নান্দাইল উপজেলার সীমান্তবর্তী বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান পথ। বীরকামটখালি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে সড়কটি চরউত্তরবন্দ বাজার পর্যন্ত বিস্তৃত। এ পথে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করে থাকেন।

বিশেষ করে চরউত্তরবন্দ এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার থাকায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। হঠাৎ এ ভাঙনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে মারাত্মক ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির ভাঙনস্থলে আগে থেকেই একটি সরু ছিদ্র ছিল, যা দিয়ে বৃষ্টির পানি নিচে নামতো। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে সেই ছিদ্র দিয়ে প্রবল স্রোতে পানি নেমে মাটির ভিতর ফাঁপা সৃষ্টি করে। ফলে ধীরে ধীরে নিচের মাটি সরে গিয়ে শেষ পর্যন্ত সড়কটি ধসে পড়ে।

প্রথমদিকে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বৃহস্পতিবার ভোরে সড়কটি পুরোপুরি দ্বিখণ্ডিত হয়ে গেলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, ২০১৭ সালে এক কিলোমিটার এবং ২০১৮ সালে আধা কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়েছিল।

এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, ‘সড়কের বর্তমান অবস্থা যাচাই করতে ইতোমধ্যে লোক পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জোর দাবি জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews