দীর্ঘ ৩৩ বছর পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হয়ে স্মৃতির পাতায় ফিরে গেলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আনন্দে দিনভর মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে অনেক শিক্ষার্থী স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনভর চলে খুনসুটি, আড্ডা ও স্মৃতিচারণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ও ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক অজয় কুমার দাস। সঞ্চালনা করেন একই ব্যাচের শিক্ষার্থী এবং কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে পুনর্মিলনীর উদ্বোধন করা হয়। পরে ফুল ছিটিয়ে ও রজনীগন্ধা দিয়ে অংশগ্রহণকারীদের বরণ করে নেওয়া হয়।

স্মৃতিচারণ পর্বে বিদ্যালয়জীবনের নানা ঘটনা তুলে ধরেন সাবেক শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষিকাদের কঠোর শাসন, নিয়মিত পাঠদান, সহপাঠীদের সঙ্গে কাটানো সময়, এমনকি ক্লাস ফাঁকি দেওয়ার মজার ঘটনাও উঠে আসে তাদের কথায়। এ সময় অংশগ্রহণকারীদের ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

স্মৃতিচারণ শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চে ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজন পুরোনো বন্ধুদের মধ্যে বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/এনআরএই্চ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews