১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘আতরবিবিলেন’। মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার ও পোস্টার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজে। কেন্দ্রীয় চরিত্র আতরবিবির ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে দেখা যাবে মুস্তফা প্রকাশকে। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। মিজানুর রহমান লাবু বলেন, দীর্ঘ সময় ও শ্রম দিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। ফারজানা সুমি জানান, আতরবিবি চরিত্রটি তার ক্যারিয়ারে একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দিয়েছে। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। আতরবিবি নামের সেই নারী সাধারণ জীবনের স্বপ্ন দেখলেও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বারবার প্রতারিত হয় সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে। প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এবং টিকে থাকার গল্পই মূলত চলচ্চিত্রটিতে উঠে এসেছে। ঢাকার বিভিন্ন লোকেশনের পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে এর শুটিং করা হয়েছে।