নারী চালক ও কন্ডাক্টরদের নিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির ‘পিঙ্ক বাস’ সেবা। নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগকে অনেকের মতোই ইতিবাচকভাবে দেখছেন শোবিজ অঙ্গনের অনেকেই।

এবার পিঙ্ক বাস নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন চিত্রনায়িকা বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা জানান, ব্যক্তিগতভাবে পিঙ্ক রং তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় পিঙ্ক বাসের এই উদ্যোগ তার নজর কেড়েছে এবং ভালো লেগেছে।

বর্ষা লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে পিঙ্ক কালার আমার কখনোই খুব একটা পছন্দের ছিল না। কিন্তু এই পিঙ্ক রঙের বাসটি আমার নজর কেড়েছে এবং সত্যিই আমার ভালো লেগেছে।’

নারীদের সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে অভিনেত্রী লেখেন, “মেয়েরা আজ প্রাইভেট কার চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে- তাহলে বাস কেন চালাতে পারবে না? অবশ্যই পারবে। বরং সুযোগ পেলে মেয়েরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারে।”

দেশে চাকরির সুযোগ কম এবং বিশেষ করে নারীদের জন্য ভালো ও সম্মানজনক কর্মসংস্থান পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন বর্ষা। তার মতে, এমন পরিস্থিতিতে পিঙ্ক বাসের মতো উদ্যোগ প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ।

পিঙ্ক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়ে বর্ষা আশা প্রকাশ করেন, তাদের দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্নকে বড় করে দেখার সাহস পাবেন।

‘আমিও একদিন এই গাড়িটি চালাব’-এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়, সেটিই প্রত্যাশা বর্ষার।

কোনো কাজকেই ছোট করে না দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুক, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

পিঙ্ক বাসের উদ্যোগ আরও অনেক নারীর জন্য কর্মসংস্থানের পথ খুলে দিক- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বর্ষা। নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং তাদের পথচলা দেখে আরও অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পান।

সবশেষে পিঙ্ক বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্ষা। পোস্টের শেষদিকে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাবো ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিঙ্ক বাস সেবার উদ্বোধন করা হয়। নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় এই সেবা চালু করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews