বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। ম্যাচের আগে কেপ ভার্দে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল অঙ্গনে ‘বুবিস্তা’ নামে পরিচিত, জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার প্রত্যয়।

প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। এর পেছনে রয়েছে যথেষ্ট কারণও। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই গ্রুপপর্বে অপরাজিত থেকেছে মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বুবিস্তার মতে, এখন আর তাদের দুর্বল দল হিসেবে দেখা হয় না, বরং মাঠের পারফরম্যান্স দিয়েই তারা এই সম্মান অর্জন করেছে।

আত্মবিশ্বাসী কণ্ঠে কেপ ভার্দে কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা বড় দলগুলোর কাছ থেকে যে সম্মান পাচ্ছি, সেটা নিজেদের যোগ্যতাতেই অর্জন করেছি।’

গ্রুপপর্বে স্পেনের পর দ্বিতীয় হয়ে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে শেষ বত্রিশে ওঠা দলটির সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন থাকলেও নিজেদের সামর্থ্য নিয়েও আশাবাদী বুবিস্তা।

তিনি বলেন, ‘আমরা জানি এটি খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু আমাদেরও নিজেদের সেরা খেলাটা খেলতে হবে এবং সুযোগ পেলেই তাদের বিপক্ষে আঘাত হানতে হবে।’

আরও পড়ুন

আরও পড়ুন

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে কি না জানাল সুপার কম্পিউটার

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে কি না জানাল সুপার কম্পিউটার

কেপ ভার্দে কোচের বিশ্বাস, দৃঢ় রক্ষণই হবে তাদের অন্যতম বড় শক্তি। তবে শুধু রক্ষণাত্মক ফুটবল খেললে চলবে না, সুযোগ তৈরি হলে আক্রমণেও যেতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। এটা সব সময় সহজ নয়, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় আমরা প্রমাণ করেছি যে কঠিন পরিস্থিতিতেও ভালো ফুটবল খেলতে পারি।’

আফ্রিকার বেশ কয়েকটি দল শেষ মুহূর্তে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন বুবিস্তা। তাই শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত একই মনোযোগ ও মানসিক দৃঢ়তা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘আমরা সব সময় খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই মনে করেন, যখন এক দল পরিষ্কার ফেভারিট থাকে, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেই মানসিকতা নিয়ে মাঠে নামছি না।’

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার লড়াইয়ে জয়ী দলের মুখোমুখি হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews