ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে পেন্টাগন। এতে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

শনিবার পর্যন্ত সেনা মোতায়েনে অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’

তবে ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।

একজন কর্মকর্তা বলেন, ‘এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’

বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাসুট সেনারাও প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই স্থল অভিযান ‘যুদ্ধের একটি নতুন ধাপ’ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews