চিকিৎসা শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ‘ডিজিটাল ক্লাসরুম’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিক।

ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি (বিজিএস) কর্তৃক আয়োজিত “মাস্টারিং অন ইআরসিপি” শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে ‘ইআরসিপি সিমুলেটর’র শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন।

সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দীন আহমদ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও নিরাপদ চিকিৎসক তৈরিতে এই ধরণের আধুনিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি জ্যেষ্ঠ চিকিৎসকদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারি সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যরা, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের পরিচালকরা।

দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং উচ্চতর প্রশিক্ষণে নিয়োজিত তরুণ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews