বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশার মতো এক দিন পার করেছে পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দলটি। তারকা সমৃদ্ধ দল নিয়ে জিততে না পারার হতাশা আছে দলটির ফরোয়ার্ড রাফায়েল লিওর। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ফল না পেলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার রাতে ম্যাচের পর এমন প্রত্যাশা ব্যক্ত করেন লিও।

এই লেফট উইঙ্গার বলেন, প্রথম ২০ মিনিট আমরা ম্যাচের নিয়ন্ত্রণে রেখেছিলাম, দ্রুত গোলও পেয়েছিলাম। হয়তো দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠার কারণে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং কঙ্গো আরও বিপজ্জনক হয়ে ওঠে।

পর্তুগাল প্রতিপক্ষকে হালকাভাবে নেয়নি বলেও জানান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তিনি বলেন, আমরা জানি আমরা পর্তুগাল, কিন্তু আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। ম্যাচের কিছু পরিস্থিতির কারণেই কঙ্গো সমতা ফেরাতে পেরেছে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছি, কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করাকে লিও বলেন যে এটি একটি সমষ্টিগত ভুল। তিনি বলেন, আগামীকাল থেকেই আমরা এটা নিয়ে কাজ করব। নিশ্চিতভাবেই আগামী ম্যাচে আমরা এই ভুল আর করতে চাই না। কারণ এর খেসারত হিসেবেই আমাদের ড্র করতে হয়েছে।

ডালাসে এদিন ম্যাচের ৭১ মিনিটে মাঠে নামেন লিও। কিন্তু সমতা ভাঙতে পারেননি তিনিও, আমি চেষ্টা করেছি- কিছু ড্রিবল বা পাস কাজে লেগেছে, কিছু লাগেনি। আমি দলের সহায়তার জন্য এভাবেই চেষ্টা চালিয়ে যাব। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৩ পয়েন্ট পাওয়া, যা আমরা মিস করেছি।

আগামী ২৩ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে মোকাবিলা করবে পর্তুগাল। ওই ম্যাচ নিয়ে লিও বলেন, এখন মাথা উঁচু রাখার সময়, আমরা একটা পয়েন্ট পেয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় ম্যাচে আরও দীর্ঘ সময় ধরে খেলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে নামব, এবং ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার জন্য।

লিও এখনই হাল ছেড়ে দিতে নারাজ, এখনো আরও দুটি ম্যাচ বাকি আছে, যেখানে আমরা ব্যবধান গড়ে দিতে পারি এবং পরের রাউন্ডে যেতে পারি। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। এই ম্যাচে যা যা ভুল হয়েছে সেগুলোর দিকে নজর দিতে হবে এবং পরের ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে মাঠে নামতে হবে।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews