দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিফা নিজেদের নিয়ম প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। একই সঙ্গে পিএফএ’র দাবি, বছরের পর বছর ধরে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ফিলিস্তিনি ফুটবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে পিএফএ জানায়, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ১,০১৩ জনের বেশি খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং ফুটবল অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
সংস্থাটি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি-ভিত্তিক ফুটবল ক্লাবগুলোর বিরুদ্ধে তারা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে অভিযোগ জানিয়ে এলেও ফিফা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
পিএফএ বিবৃতিতে বলছে, চলমান গণহত্যার সময় নীরব থাকা মানে সেই অপরাধে পরোক্ষভাবে সহযোগিতা করা।
তাদের মতে, ফিলিস্তিনি ফুটবল আর শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ চায়। তবে এ অভিযোগের বিষয়ে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
পিএফএ’র বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।