ময়মনসিংহের বন্ধ থাকা একটি জুটমিল চালু করতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, অচিরেই মিলটি চালু করে প্রকৃত শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।

শুক্রবার বিকেল ৪টায় মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, বন্ধ জুটমিল চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব মহলে দেনদরবার করা হয়েছে। দাবি পূরণ না হলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকবান্ধব নেতৃত্ব এই দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বিএনপি শ্রমিকবান্ধব সরকার গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রমিকদের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ওভারটাইম মজুরি নীতি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ করছে।

জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে আন্দোলনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকাল থেকে মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews