জ্বালানি সংকট থেকে বাঁচতে ই-বাইক তৈরি করলেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক মো. মাহবুবুর রশিদ মুন্না। চলচ্চিত্রাঙ্গনে তিনি পরিচিত মুন্না নামে। সম্প্রতি একটি ই-বাইক তৈরি করেছেন বলে জানিয়েছেন এই নায়ক। স্বল্প খরচে পরিবেশ বান্ধব যানবাহনের সম্ভাবনা সামনে আনতেই শখের বসে সাধারণ প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছেন মুন্না। একটি ইলেকট্রিক সাইকেল, যা এক চার্জে প্রায় ১০০ কিলোমিটার চলতে সক্ষম। ব্যবহৃত হয়েছে একটি সাধারণ ফ্যানের মোটর, খুচরা কেনা বিভিন্ন যন্ত্রাংশ, নিজস্ব পছন্দ অনুযায়ী তৈরি ব্যাটারি, বাজার থেকে কেনা একটি সাইকেল এবং আলাদা আলাদা দোকান থেকে সংগ্রহ করা লাইট, হর্ন ও ডিজিটাল ডিসপ্লে। এসব উপকরণ একত্র করে প্রয়োজনীয় পরিবর্তন (মডিফিকেশন) করেই তৈরি হয়েছে এই ১০০ কিমি রেঞ্জের ই-বাইক। মুন্না বলেন, এটা আসলে খুব সাধারণ একটি প্রযুক্তি। একটু চিন্তা করলে এবং ইচ্ছা থাকলে যে কেউই এমন কিছু করতে পারে। আমি শুধু চেষ্টা করেছি, আর সেটাতেই সফল হয়েছি। এটি মূলত একটি পাইলট প্রজেক্ট। এই সাফল্যের ভিত্তিতে আরও বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। তিনি বলেন, তেলের বিকল্প হিসেবে এই ই-বাইক তৈরি করেছি। সম্প্রতি দেশে তুমুল জ্বালানি সংকট দেখা দেয়। দিন-রাত লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে ফিরতে হয়েছে। এসব কথা চিন্তা করেই ই-বাইক তৈরির পরিকল্পনা করি। আমি একজন ইঞ্জিনিয়ার। যে কারণে বাইকটি তৈরি করা খুবই সহজ ছিল। এই ই-বাইক পরিবেশ বান্ধব, তেল সাশ্রয়ী, কম খরচে বেশি পথ যাওয়া যাবে। আমার পরবর্তী টার্গেট ৫০০ কিলোমিটার রেঞ্জের সোলার চার্জিং ই-বাইক তৈরির। এটি এক চার্জে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা করতে সক্ষম হবে। আগামী এক মাসের মধ্যে এই নতুন প্রকল্পের কাজ স¤পন্ন করতে পারব।