স্বাগতিকদের বাড়তি সুযোগ দিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে সূচি বদলে ফেলল আইসিসি। নতুন সূচিতে স্বাগতিক শ্রীলঙ্কার সামনে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছে।
তবে সেজন্যে আবার নতুন এক সমীকরণ মেলাতে হবে। এটা নির্ভর করবে তারা কীভাবে সেমিফাইনালের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করে এবং কার বিপক্ষে খেলে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা যদি সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠে এবং ভারত বা পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে সেই ম্যাচ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পুরনো সময়সূচি বদলে এই নতুন ব্যবস্থা করেছে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কার জন্য এটি একটি বড় সুযোগ।
আইসিসি সব পক্ষকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে সেমিফাইনালের ভেন্যু নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘সেমিফাইনাল ১ একটি ফ্লোটিং পদ্ধতি, ম্যাচটি কলম্বো বা কলকাতায় হবে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল ১ খেলবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান সেমিফাইনালে না উঠলে, কিন্তু শ্রীলঙ্কা উঠলে এবং তারা ভারত ছাড়া অন্য কারো বিপক্ষে খেললে, শ্রীলঙ্কা কলম্বোতে সেমিফাইনাল ১ খেলবে।’
আইসিসি আরও জানিয়েছে, পাকিস্তান বা শ্রীলঙ্কা কেউই সেমিফাইনালে না উঠলে সেমিফাইনাল ১ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
সূর্যকুমার যাদবের ভারত যে দলের বিপক্ষেই খেলুক না কেন, তাদের সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতেই। তবে ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলে, সেক্ষেত্রে ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় হবে।
সুপার এইটে শ্রীলঙ্কা ও পাকিস্তান একই গ্রুপে আছে। তাই এই দুটি দল সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। তাই সেমিফাইনাল নিজেদের মাঠে খেলতে হলে শ্রীলঙ্কাকে পাকিস্তানের বিদায় নেওয়ার প্রার্থনায় নামতে হবে।
গত বছর আইসিসি যে সময়সূচি ঘোষণা করেছিল, সেখানে পাকিস্তানের সেমিফাইনাল শ্রীলঙ্কায় রাখা হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে কী হবে, সে বিষয়ে কিছু বলা ছিল না। এবার আইসিসি সেই শূন্যস্থান পূরণ করেছে।