বলিউড অভিনেত্রী কৃতি স্যানন আজ সফলতার শীর্ষে থাকলেও ক্যারিয়ারের শুরুটা ছিল কঠিন সংগ্রামের। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এক পরিচালক তাকে একটি চরিত্র থেকে বাদ দিয়েছিলেন শুধুমাত্র তিনি ‘খুব বেশি সুন্দর’ বলে।
কৃতি বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে চাকরির সুযোগ থাকলেও অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান। তবে চলচ্চিত্র জগতে কোনো পারিবারিক পরিচয় না থাকায় একের পর এক অডিশনে প্রত্যাখ্যাত হতে হয়েছে তাকে। কাজ না পেয়ে হতাশায় কেঁদে ফেলতেন বলেও জানান এই অভিনেত্রী।
তার ভাষ্য, অনেকেই বলতেন তার মধ্যে কোনো না কোনো খামতি রয়েছে। এমনকি একজন পরিচালক সরাসরি বলেছিলেন, তিনি নাকি এতটাই সুন্দর যে পর্দায় সাধারণ চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা কঠিন হবে। এমন মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে দিলেও পরিবার ও কাছের মানুষের সমর্থন তাকে নতুন করে লড়াইয়ের সাহস জুগিয়েছিল।
পরবর্তীতে সেই আত্মবিশ্বাস নিয়েই ‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’ ও ‘মিমি’র মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন কৃতি। ২০২১ সালে ‘মিমি’ ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সফল এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ১০০ কোটির টাকারও বেশি বলে জানা যায়।