ভারত থেকে পুশইন-চেষ্টা নিয়ে দেশের সব সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই লোকজনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজিবি ও স্থানীয় গ্রামবাসী এসব চেষ্টা প্রতিহত করে চলেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : ৪৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে প্রতিদিনই একাধিকবার পুশইনের চেষ্টা হচ্ছে বলে জানা গেছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। সর্বশেষ গতকাল ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় তা প্রতিহত হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না। মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।’
সিলেট : সিলেট সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে বিজিবি। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তারা এরই মধ্যে কয়েক দফায় বিএসএফের পুশইন-চেষ্টা রুখে দিয়েছে। সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। শুক্রবার বিজিবি সিলেট
ব্যাটালিয়ন এ কার্যক্রম শুরু করেছে। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, পুশইন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে গতকাল পাঁচ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ২০ বিজিবি। ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, ভোরে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। লতিফুল বারী বলেন, ‘ঘটনার পরপরই ওই এলাকা পরিদর্শন করেছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিতে না পারে। এ মুহূর্তে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে কোনো কিছুকেই ছোট করে দেখছি না।’
লালমনিরহাট : লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, অতিরিক্ত টহল ও সার্বক্ষণিক নজরদারির মুখে বিএসএফ পুশইনের জন্য জড়ো করা সব ব্যক্তিকে তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। স্থানীয় লোকজন ও বিজিবির কঠোর প্রতিরোধের কারণেই বিএসএফ বাধ্য হয় তাদের সরিয়ে নিতে। বিজিবি সূত্র জানান, শুক্রবার ভোরে জেলার তিনটি পৃথক সীমান্ত পয়েন্টে ৩৩ সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন। এদের অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কৌশলগত অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে দিনভর তারা শূন্যরেখা (জিরো লাইন) ও ভারতীয় সীমান্তের ভিতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যদের বাধায় পুশইন প্রতিহত হলেও গতকাল পর্যন্ত ওই ১০ জন জিরো লাইনে অবস্থান করছিলেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে এ ঘটনার পর থেকে বিজিবির সঙ্গে স্থানীয় লোকজন সীমান্তে অবস্থান করছেন।
মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ছয় ভারতীয়কে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয়জন ভারতের ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সঙ্গে গ্রামবাসীও কাজ করছেন। বিষয়টি সমাধানে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানান, গতকাল ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১৪০-এর সাব-পিলার ৪-এস সংলগ্ন তেঁতুলবাড়িয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে বিএসএফ ছয়জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। জানা গেছে, কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী তারা বাংলাদেশের দিকে এগিয়ে এলে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দেন। ফলে তারা আবার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অংশে ফিরে যান। বর্তমানে ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।
নওগাঁ : নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা হয়েছে। টানা ১৯ ঘণ্টা এ চেষ্টার পর শুক্রবার রাত ২টার দিকে ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ওই ১৭ জন শূন্যরেখায় অবস্থান করছিলেন। রাত ১২টার পর ভারতের সীমান্তের আলোকসজ্জা (লাইট) দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে তারা পুশইনের চেষ্টা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ : বিজিবির কঠোর অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে পুশইন করা ২৮ জনকে দুই দিন পর রাতের আঁধারে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোররাতে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৫-আর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২৮ নারী, পুরুর, শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠান ভারতের মালদহ জেলার ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। পরে তারা বাঙ্গাবাড়ী সীমান্ত পেরিয়ে বিওপিসংলগ্ন বেগুনবাড়ী গ্রামের ভিতর চলে আসে। সকালে তাদের দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে জানালে বিজিবি তাদের ধরে সীমান্তের শূন্যরেখায় রাখে। ওই ২৮ জনের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী ও ছয় শিশু ছিল। এমন অবস্থায় ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় দুই দিন রোদবৃষ্টির মধ্যে অবস্থান করছিল।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক সতর্কতা ও কঠোর নজরদারির কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা বর্ডারের শূন্যস্থানে বসে রয়েছে পুশইন করা ব্যক্তিরা। গতকাল ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তে আরও আট পুশইন ঠেকাল বিজিবি : দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে পুশইনের আরও আটটি অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় এই পুশইনগুলোর চেষ্টা করে বিএসএফ। গতকাল বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।