যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব এক বৈঠকেই শেষ হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে ইরান। ইসলামাবাদে সর্বশেষ বৈঠক ব্যর্থ হওয়ার পর এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুরু থেকেই একটি বৈঠকে চুক্তিতে পৌঁছানোর আশা করা উচিত ছিল না। শুধু ইরান নয়, কেউই এমনটা আশা করেনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য দীর্ঘদিনের এবং এটি সমাধানে সময় লাগবে। পাশাপাশি পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন সংলাপ হলেও কোনো সমঝোতা হয়নি।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে।
যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের একাধিক সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আশিক