পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ার জোহরের জনগণের জন্য ১৪৮টি গরু কুরবানির উপহার দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। সাধারণ মানুষ ও অসচ্ছল পরিবারগুলো কুরবানির মাংস পেতে পারে, সেজন্য এসব গরু জোহরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।
এ বিষয়ে জোহরের মুখ্যমন্ত্রী অন হাফিজ গাজী বলেন, এই অনুদান জোহর রাজপ্রতিষ্ঠানের মানবিকতা, জনগণের প্রতি ভালোবাসা এবং ‘বাংলসা জোহর’-এর কল্যাণে রাজপরিবারের অঙ্গীকারের প্রতিফলন।
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে মালয়েশিয়ার জোহরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। এ উপলক্ষে জোহরের রাজপ্রাসাদ ইস্তানা বুকিত সেরিনেতে আয়োজিত হয় রাজপরিবারের এক বিশেষ মিলনমেলা। এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং রানি জারিথ সোফিয়া।
জোহরের রিজেন্ট ও যুবরাজ তুংকু মাহকোটা ইসমাইল এবং তার সহধর্মিণী চে’ পুয়ান মাহকোটা খালিদা সন্তানদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন টুংকু পাংলিমা জোহর টুংকু আবদুল রহমান সুলতান ইব্রাহিম, টুংকু পুতেরা জোহর টুংকু আবু বাকার সুলতান ইব্রাহিম এবং টুংকু তুন আমিনাহ সুলতান ইব্রাহিম।
রাজপরিবারের এ আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়ে। সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঈদের আনন্দে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাচ্ছেন।
এদিকে সিমপাং রেংগাম কোরবান পারদানা কর্মসূচিতেও অতিরিক্ত ৩২টি গরু কোরবানির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এসব গরু এলাকার মসজিদ, সুরাউ, গ্রাম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন অন হাফিজ গাজী।