ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের মাহমুদা বেগম(৪৫) হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের ভাই আকতার হোসেনকে(৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯-এর সিলেট ক্যাম্প ও ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকতার হোসেন উপজেলার আকানগর গ্রামের মোঃ নাছির উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৯-এর সিলেট অফিসের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে মালয়েশিয়া প্রবাসী। মাহমুদা বেগম তার ১ মেয়েকে নিয়ে দেশে বসবাস করেন। মাহমুদা বেগমের সাথে তার ভাই আকতার হোসেনের টাকা পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিলো।
গত ১৭ মার্চ গভীর রাতে আসামী আকতার হোসেন তার সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের বাড়িতে যায় ও টাকা পয়সা নিয়ে মাহমুদা বেগমের সাথে ঝগড়া করে ও তাকে হত্যার হুমকি দেয়।
পরে গত ২০ মার্চ রাতে আকতার হোসেন তার সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে মাহমুদা বেগমকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে নিয়ে বাঁশের খুঁটির সাথে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
২১ ফেব্রুয়ারি ঈদ-উল ফিতরের দিন সকালে নিহতের পিতা নাছির উদ্দিন মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে দেখেন গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত পা বাঁধা মাহমুদা বেগমের লাশ পড়ে আছে।
এই ঘটনায় নিহতের পিতা নাছির উদ্দিন বাদি হয়ে গত ২২ মার্চ বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪।
এই ঘটনার পরই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করে ও পরে আসামীকে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করে।
বিডি প্রতিদিন/এএম