চট্টগ্রাম নগরের ব্যস্ত দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ (১১ এপ্রিল) শনিবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত হয় ষোলশহর দুই নম্বর গেট মোড় সংলগ্ন সিটি কর্পোরেশনের মালিকানাধীন শপিং কমপ্লেক্সটির নিচতলার একটি দোকানে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, ভবনের দ্বিতীয় তলার একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিচে ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।