অনলাইনে পরিচয়, দামি উপহার, বিদেশ ভ্রমণ কিংবা বিলাসী জীবনযাপনের প্রতিশ্রুতি—এসব প্রলোভনে অনেকেই বয়সে বড় ও অর্থবান কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সব সম্পর্ক নিরাপদ নয়। আকর্ষণীয় প্রতিশ্রুতির আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে প্রতারণা, আর্থিক ফাঁদ কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা।
পরিচয়ের শুরুতেই কেউ দামি মোবাইল, গয়না, নিয়মিত টাকা বা বিদেশ ভ্রমণের প্রতিশ্রুতি দিলে সতর্ক হওয়া জরুরি। আবার কিছুদিন পর ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা, চিকিৎসা খরচ বা ব্যবসায় ক্ষতির কথা বলে টাকা চাইলে সেটিও সন্দেহের কারণ হতে পারে।
- Advertisement -
ব্যাংক হিসাবের তথ্য, কার্ডের নম্বর, ওটিপি, পিন বা ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড কখনোই কাউকে দেওয়া উচিত নয়। ‘তোমার জন্য টাকা পাঠাব’ বা ‘উপহার দিতে তথ্য লাগবে’—এমন অজুহাতেও এসব তথ্য চাইতে পারে প্রতারকরা।
পরিচয়ের অল্প সময়ের মধ্যেই সম্পর্ক গোপন রাখতে চাপ দেওয়া, পরিবার বা বন্ধুদের কাছ থেকে দূরে রাখতে চাওয়া নিয়ন্ত্রণমূলক আচরণের লক্ষণ হতে পারে। একইভাবে ব্যক্তিগত ছবি বা ভিডিও পাঠাতে চাপ দেওয়া, না দিলে সম্পর্ক ভেঙে দেওয়ার ভয় দেখানো কিংবা অর্থ দাবি করা গুরুতর সতর্কসংকেত।
অনলাইনে পরিচিত কারও সঙ্গে প্রথমবার দেখা করতে হলে নির্জন জায়গা এড়িয়ে জনসমাগমপূর্ণ স্থানে দেখা করা ভালো। কোথায় যাচ্ছেন, তা বিশ্বস্ত কাউকে জানিয়ে রাখা জরুরি।
দামি উপহার বা অর্থনৈতিক সুবিধার বিনিময়ে কেউ যদি আপনার স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চান বা নানা ব্যক্তিগত দাবি করেন, তাহলে সম্পর্কটি নতুন করে ভাবা প্রয়োজন। কোনো সম্পর্কেই নিজের নিরাপত্তা, গোপনীয়তা ও স্বাধীনতার চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।
সন্দেহজনক কিছু মনে হলে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে বিষয়টি আলোচনা করুন। প্রতারণা বা সাইবার হয়রানির শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন।
- Advertisement -