ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলা ঘুষ ও জালিয়াতির ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। এর মধ্য দিয়ে ভারতের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে বহুল আলোচিত মামলাটির অবসান হলো।
২০২৪ সালে আদানির বিরুদ্ধে অভিযোগ ওঠে, ভারতের বিভিন্ন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে বড় ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের চুক্তি নেওয়া এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে। তবে আদানি ও তার প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
মামলা খারিজে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন আদানি। তিনি বলেছেন, বিনয় ও বিচারিক প্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি আদালতের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সোমবার দেওয়া ৪৭ পৃষ্ঠার এক আদেশে যুক্তরাষ্ট্রের জেলা জজ নিকোলাস গারাফিস আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে বিচার বিভাগের আবেদন অনুমোদন করেন। তবে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন।
বিচারক বলেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রধান সহযোগী আর ট্রেন্ট ম্যাককটার মামলাটি পরিচালনাকারী প্রসিকিউটর ও তদন্তকারীদের সঙ্গে পরামর্শ না করেই আদানির আইনজীবীদের সঙ্গে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে কাজ করেছেন।
গারাফিস এই প্রক্রিয়াকে অত্যন্ত অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেন। তার মতে, ম্যাককটার মামলার তদন্তে সরাসরি যুক্ত কর্মকর্তাদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজের বিচারবোধকে প্রাধান্য দিয়েছেন বলে মনে হয়েছে।
৬৪ বছর বয়সী গৌতম আদানি আদানি গ্রুপের চেয়ারম্যান। জ্বালানি, বন্দর, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো খাতে ব্যবসা রয়েছে ভারতের এই বৃহৎ শিল্পগোষ্ঠীর।