একটি নজরদারি সংস্থা অভিযোগ তুলেছে, মার্কিন সেনাদের কিছু ইউনিটে কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘ঈশ্বরের পরিকল্পনার অংশ’ হিসেবে তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মার্কিন সামরিক বাহিনীতে ধর্মীয় প্রভাবের প্রশ্নে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে, বিভিন্ন সামরিক শাখার ২০০-এর বেশি সদস্য তাদের কাছে অভিযোগ করেছেন যে, কয়েকজন কর্মকর্তা যুদ্ধসংক্রান্ত ব্রিফিংয়ে ধর্মীয় বক্তব্য দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, একাধিক ব্রিফিংয়ে সৈন্যদের বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘ঈশ্বরের পরিকল্পনার অংশ’ এবং এটি বাইবেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সম্পর্কিত। এমনকি কেউ কেউ বাইবেলের শেষ সময়ের যুদ্ধ ‘আরমাগেডন’-এর প্রসঙ্গও টেনেছেন বলে অভিযোগ রয়েছে।
এমআরএফএফ-এর প্রেসিডেন্ট মিচেল এল ওয়েনস্টেইন বলেন, সামরিক বাহিনীর ভেতরে এ ধরনের ধর্মীয় প্রচারণা যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা রাষ্ট্র ও ধর্মের পৃথকীকরণ নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
তবে অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।
বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর ভেতরে ধর্মীয় ভাষা ব্যবহার করলে সেনাদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে এবং পেশাগত নিরপেক্ষতাও প্রশ্নের মুখে পড়তে পারে। সূত্র : ডেইলি ডাইজেস্ট।