ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিলের সাবেক মহাসচিব সালাউদ্দিন স্বপন বলেন, তৈরি পোশাকশিল্পের কিছু মালিক ইচ্ছা করেই ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস দেরিতে দিচ্ছেন। কারণ, আগে বেতন-বোনাস দিলে শ্রমিকেরা চলতি মাসের বেতনের একটি অংশ চাইবেন। অথচ কিছু কারখানা ইতিমধ্যে ফেব্রুয়ারির বেতন-বোনাস ও চলতি মার্চের ১০ দিনের বেতন দিয়েছে।
গাজীপুরের এইচডিএফ অ্যাপারেলসের শতাধিক শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ অনিশ্চিত। কারণ, কারখানার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নারায়ণগঞ্জের একটি কারখানার বেতন–ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর তিনজন নেতা কারখানাটিকে ৩০ লাখ টাকা ঋণ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘আগামী বুধ ও বৃহস্পতিবার শিল্পাঞ্চলে ব্যাংক লেনদেন হবে। এর মধ্যেই কারখানাগুলো শ্রমিকের বেতন–ভাতা ও বোনাস পরিশোধ করে ছুটি দেবে। আশা করি, বেতন-বোনাস নিয়ে সমস্যা হবে না।’