সিলেট সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, শনিবার সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, ঔষধ, মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে জব্দ করা হয় চা পাতা।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাইপণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শত টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। বিজিবির এরকম অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম