রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের কক্ষে এক নারী ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকতারী পারভীন হ্যাপী (৪৭) নামে ওই নারী থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত জিসান বিন জামান (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত জিসান বালিয়াকান্দির শেখপাড়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আকতারী পারভীন হ্যাপী বালিয়াকান্দি উপজেলার অগ্রণী ব্যাংকের এসএমই শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত এবং বালিয়াকান্দির আশরাফ হোসেনের মেয়ে। তার স্বামীর নাম মোঃ রেজাউল আলম। গতকাল শনিবার (৪ এপ্রিল) দুপুরে তার ছেলে রাআতুল (১৯) ও ছেলের বন্ধু মাবরুক আল মাইয়ান (১৭) একটি মোটরসাইকেলে করে বালিয়াকান্দি বাজারের অবদার মোড় এলাকায় পেট্রোল নিতে যায়। ভিড়ের কারণে তারা মোটরসাইকেলটি একটি দোকানের সামনে রেখে বোতলে তেল আনতে যায়, তবে তেল না পেয়ে ফিরে এসে দেখে মোটরসাইকেলটি নেই।

পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, জনৈক শিমুল বালার গ্যারেজে মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং এ বিষয়ে থানায় করা অভিযোগ প্রত্যাহারের আলোচনা চলছিল। এসময় স্থানীয়ভাবে অভিযুক্ত জিসান বিন জামান ও তার পিতা আক্তারুজ্জামানের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। 

অভিযোগ অনুযায়ী শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের কক্ষে অভিযুক্ত জিসান প্রবেশ করে আকতারী পারভীন হ্যাপীর ছেলে রাআতুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। তাকে রক্ষা করতে গেলে আকতারী পারভীন হ্যাপীকেও মারধর ও গলা চেপে ধরে।  ভুক্তভোগীদের চিৎকারে থানার ডিউটি অফিসারসহ উপস্থিত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জিসানকে আটক করেন। 

পরে আহত মা ও ছেলেকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় অভিযুক্ত জিসান বিন জামানের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জিসানকে আদালতে পাঠানো হয়েছে। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews