ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম চলছে। শেষ দিনে মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের শেষ দিন আজ (রোববার)।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিং। এসময় সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী নেত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন।
দলীয়ভাবে নির্ধারিত ফি অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম সম্পন্ন হবে।
কেএইচ/এমআইএইচএস