বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে নাটকীয়তা যেন চলছেই। শেষ মুহূর্তে এসে আরো কমছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন থেকে সরে গেছেন আরো তিনজন।

সোমবার (২৫ মে) নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেছে, বড়সড় চমক দিয়ে তিনজন কাউন্সিলর তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

এর ফলে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় কোটা) থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন কোনো প্রকার ভোটাভুটি ছাড়াই পরিচালক হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

ফেনী জেলার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় চট্টগ্রাম বিভাগ থেকে এই দুই হেভিওয়েট প্রার্থীর জয়ের পথ পরিষ্কার হয়ে যায়।

এছাড়া ক্যাটাগরি-২ (ক্লাব কোটা) থেকেও লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন একজন করে।

এদিকে ঢাকা বিভাগ থেকে দু’জনের বিপরীতে তিনজন মনোনয়ন দাখিল করলেও যাচাইবাছাইয়ে বাদ পড়েন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও ভোটাভুটির আগেই নির্ধারিত হয়ে গেছে।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন।

ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো: আলমগীর।

সব বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন শেষ হয়নি। যেমন খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন দু’জন।

বরিশাল থেকে নির্বাচনে লড়বেন দু’জন- মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরি; নির্বাচিত হবেন একজন।

এছাড়া ক্যাটাগরি-২ (ক্লাব কোটা) থেকে ১২টি পদের বিপরীতে লড়বেন ১৬ জন কাউন্সিলর। এখানেই একটু প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ আছে।

সবমিলিয়ে এখন প্রার্থীর সংখ্যা ২৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট পরিচালক ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বাকি ২১ জন লড়াই করবেন ১৭ পরিচালক পদে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews