পবিত্র ঈদুল আজহার পরের দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনেও গতকাল শুক্রবার পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মাওয়া-জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

উভয় প্রান্ত দিয়ে মোট ২৭ হাজার ৬৪৬টি যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় এমন সংখ্যক যানবাহন পারাপার হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস থেকে নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, শুক্রবার মাওয়া প্রান্ত দিয়ে ১৬ হাজার ১১৫টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১১ হাজার ৫৩১টিসহ দুই প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৭ হাজার ৬৪৬টি। এ সময় উভয় প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

ঈদের তৃতীয় দিন আজ শনিবারও টোলপ্লাজাগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, ঈদের দিনে বৃহস্পতিবার (২৮ মে) পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮১৫টি যানবাহন পারাপার হয়। এদিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয় ২ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা।

এর আগে চলতি ঈদ-পূর্ব গত ২৪ মে থেকে ২৭ মে এই চার দিনে পদ্মা সেতুতে ১ লাখ ৬০ হাজার ৬৭৪টি যানবাহন পারাপার করা হয়। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৮ হাজার ২০০ টাকা।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পদ্মা সেতু দিয়ে দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করছে নির্বিঘ্নে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় সেতু কর্তৃপক্ষের আগেভাগেই ব্যাপক প্রস্তুতি ও সেতুর উভয় প্রান্তে মোট ১৯টি টোলবুথ সার্বক্ষণিক সচল থাকায় যাত্রীসাধারণ নির্বিঘ্নে ও স্বস্তিতেই সেতু পাড়ি দিচ্ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews