ভারতে লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে কলকাতায় স্থাপন করা তার বিশাল ভাস্কর্য এখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
বাতাসে দুলতে দেখা যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছিল সোনালি রঙের এই ভাস্কর্য। এতে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখানো হয়েছে।
আজ সেখানে কর্মীদের ভাস্কর্যে দড়ি বেঁধে সেটি স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা গেছে। গত ডিসেম্বরে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ উপলক্ষে ভাস্কর্যটি উন্মোচন করা হলেও কয়েক মাসের মধ্যেই এটি নিয়ে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানিয়েছেন, সরকারি প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বাতাসে এটি দুলছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন
আরও পড়ুন আর্জেন্টিনা দলের জন্য নতুন চমক স্কালোনির

তবে ভাস্কর্যটি সরানোর কাজও সহজ হচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি নিরাপদভাবে নামাতে একাধিক বড় ক্রেন প্রয়োজন হবে। কিন্তু লেকটাউনের মতো ব্যস্ত এলাকায় সেই কাজ করতে গেলে যান চলাচল বন্ধ রাখতে হতে পারে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করার প্রয়োজন হতে পারে।
এছাড়া ভাস্কর্যের পাশেই সাবওয়ে থাকায় সেখানে ভারী ক্রেন বসানো সম্ভব হবে কি না, তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। যদিও ভবিষ্যতে ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।