ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকীর সোনালি অধ্যায়ের অবসান ঘটল। বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতার কারণে ৮৮ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে, শেষ সময়ে তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রখ্যাত ও প্রবীণ এই গায়িকা গত রাতে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মহীসূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নেন এই সুরসম্রাজ্ঞী। এই কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণের খবরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনসহ গোটা দেশের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


কণ্ঠের অভাবনীয় বৈচিত্র্য এবং যেকোনো আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জাদুকরি ক্ষমতার জন্য শ্রোতাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি প্রায় ২০টি ভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তবে কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রেই তার অবদান ছিল সবচেয়ে বেশি।

চলচ্চিত্র, ব্যক্তিগত অ্যালবাম, টেলিভিশন ও রেডিও মিলিয়ে প্রায় ৪৮ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতজগতে এক অনন্য ও প্রায় দুর্ভেদ্য রেকর্ড গড়ে গেছেন তিনি। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি এবং বাংলা ভাষাতেও তার কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের।

বহু প্রজন্মের মানুষের শৈশব ও যৌবনের স্মৃতির সঙ্গে মিশে থাকা এই কণ্ঠশিল্পীর প্রয়াণকে ভারতীয় সংগীতের এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews