দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস দিয়েছে।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৭৪ মিলিমিটার ও চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৪০ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর); নেত্রকোনার ধনু-বাউলাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল); সোমেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৫০ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা); ভুগাই-কংশ নদীর পানি ২২ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৬৭ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল); মগরা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭৯ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা); মগরা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে (আটপারা) প্রবাহিত হচ্ছে। এ ছাড়া হবিগঞ্জ জেলার কালনী নদী ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১০ সেন্টিমিটার ওপরে (আজমিরীগঞ্জ), সুতাং নদী ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮৩ সেন্টিমিটার ওপরে (সুতাং রেলব্রিজ), সুনামগঞ্জের হাওড়াঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি গেয়েছে। অন্যদিকে ভুগাই-কংশ নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওড়সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পাউবো জানিয়েছে, নেত্রকোনা জেলার ভুগাই-কংশ ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। নেত্রকোনা জেলার ভুগাই-কংশ অববাহিকার হাওড়সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকার হাওড়সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ জানিয়েছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ী নদীর পানি সমতল আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। জুড়ী নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সুতাং নদীর পানি সমতল আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুই দিন হ্রাস পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews