রপ্তানিমুখী তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের (কাউন্সিল) নেতারা। তাঁরা বলেছেন, শ্রম আইন অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো করতে হবে। তবে এখনো মজুরি বোর্ড গঠনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।
আইবিসির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বাবুল আখতার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আজ শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে একটি লিখিত আবেদন দিয়েছেন। বর্তমানে আইবিসির অধীনে ১৬টি শ্রমিক ফেডারেশন রয়েছে।
আগে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে পাঁচ বছর অন্তর মজুরি বোর্ড গঠিত হতো। চলতি বছর সংশোধিত শ্রম আইনে এই সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর পুনর্নির্ধারণ করা হয়।