বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শান্তিনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত লিজা আক্তার হত্যা মামলায় এক বছর পাঁচ মাস পর এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মাহতাব হোসেন রুদ্র (২৫) কুড়িগ্রাম জেলার উলিপুরের রামেশ্বর শর্মা গ্রামের কহিদুর রহমানের ছেলে। 

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর ২টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট ও এলআইসি শাখার একটি যৌথ আভিযানিক টিম।

২০২৪ সালের ১৮ জুলাই বিকাল আনুমানিক ৫টায় রমনা থানাধীন শান্তিনগর মোড় ও সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় কানিফার টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হন। 

আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তারিখে তার মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় রমনা মডেল থানায় (ডিএমপি) বিস্ফোরক আইনে মামলা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন আসামী মাহতাব হোসেন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামীপন্থী নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। 

ঘটনার পর থেকে আসামী আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews