আধুনিক নাগরিক জীবনে ফ্ল্যাটের আয়তন দিন দিন কমছে। সবচেয়ে বেশি টান পড়ছে বাথরুমের জায়গায়। অনেকেই মনে করেন ছোট বাথরুম মানেই ঘিঞ্জি, অগোছালো আর অস্বস্তিকর একটি জায়গা। কিন্তু সঠিক পরিকল্পনায় ছোট বাথরুমও সুন্দর দেখাবে।
রঙের খেলা
ছোট বাথরুম বড় দেখানোর প্রথম শর্ত হলো সঠিক রঙ নির্বাচন। হালকা রঙ যেমন সাদা, ক্রিম, পেস্টেল বা হালকা ধূসর টোন ব্যবহার করলে ঘর উজ্জ্বল দেখায় এবং জায়গা বড় মনে হয়। দেয়াল ও মেঝেতে একই শেড বা কাছাকাছি রং ব্যবহার করলে ভিজ্যুয়াল বিভাজন কমে যায়। হালকা ধূসর প্যাটার্ন বা সূক্ষ্ম স্ট্রাইপ দেয়ালের সীমানা অস্পষ্ট করে, ফলে বাথরুম আরও বিস্তৃত মনে হয়।
টাইলসের আকার ও নকশা
অনেকে ভুল করে ছোট বাথরুমে ছোট টাইলস ব্যবহার করেন। আসলে বড় মাপের টাইলস ব্যবহার করলে জোড় বা গ্রাউটিং লাইন কম দেখা যায়, ফলে পুরো জায়গাটি একটানা ও প্রশস্ত দেখায়। মেঝে ও দেয়ালের টাইলসে মিল বা কাছাকাছি নকশা বজায় রাখলে একটি সামঞ্জস্যপূর্ণ লুক তৈরি হয়।
আলোর সঠিক ব্যবহার
আলো ছোট জায়গাকে বড় দেখানোর অন্যতম প্রধান উপায়। প্রাকৃতিক আলো থাকলে তা সহজে প্রবেশ করতে দিন। জানালায় ভারী পর্দার পরিবর্তে হালকা বা ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা যেতে পারে। কৃত্রিম আলোর ক্ষেত্রে এলইডি স্ট্রিপ লাইট বা আয়নার চারপাশে নরম আলো ব্যবহার করলে বাথরুম আরও উজ্জ্বল দেখায়।
আয়না ও কাচের ব্যবহার
ছোট বাথরুমে বড় আয়না ব্যবহার করা অত্যন্ত কার্যকর। এটি শুধু সাজসজ্জার অংশ নয়, বরং জায়গাকে ভিজ্যুয়ালি প্রসারিত করে। শাওয়ার এরিয়া আলাদা করতে অস্বচ্ছ পর্দার পরিবর্তে স্বচ্ছ গ্লাস পার্টিশন ব্যবহার করুন। এতে পুরো বাথরুম খোলা মনে হবে।

স্মার্ট সমাধান
মেঝে যত ফাঁকা থাকবে, বাথরুম তত বড় দেখাবে। তাই ফ্লোর ক্যাবিনেটের বদলে ওয়াল-মাউন্টেড শেলফ বা ভাসমান ক্যাবিনেট ব্যবহার করুন। শাওয়ার কর্নারে কর্নার শেলফ, দরজার পেছনে হুক বা ওভারহেড স্টোরেজ জায়গা বাঁচাতে সাহায্য করে। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে বাথরুমকে ছিমছাম রাখুন।
ফিটিংসে সামঞ্জস্য
টাইলসের রঙের সঙ্গে মিল রেখে কল, শাওয়ার ও অন্যান্য ফিটিংস নির্বাচন করলে বাড়তি ভিজ্যুয়াল বর্ডার তৈরি হয় না। যেমন সাদা টাইলসের সঙ্গে ক্রোম ফিনিশ বা হালকা শেডের ফিটিংস ব্যবহার করলে আভিজাত্য বাড়ে এবং লুক হয় পরিপাটি।

ছোট ডিটেইলে বড় পরিবর্তন
হালকা রঙের শাওয়ার কার্টেন, বাথ ম্যাট ও তোয়ালে ব্যবহার করুন। বড় প্রিন্টের বদলে ছোট ও সূক্ষ্ম নকশা বেছে নিন। ছোট একটি পটেড প্ল্যান্ট বাথরুমে ফ্রেশ ভাব আনতে পারে। গ্লাস বা ট্রান্সপারেন্ট কন্টেইনার ব্যবহার করলে জায়গা আরও খোলা মনে হয়। রিমুভেবল ওয়াল স্টিকার বা ডেকর অ্যাকসেসরিজ দিয়েও সহজে নতুন লুক আনা সম্ভব।
ছোট বাথরুম মানেই সীমাবদ্ধতা নয়। সঠিক পরিকল্পনা, আলো, রঙ এবং স্মার্ট স্টোরেজ ব্যবহারে আপনার ছোট বাথরুমও হয়ে উঠতে পারে আরামদায়ক, ফ্রেশ ও স্টাইলিশ একটি স্থান।

সূত্র: গুড হাউজকিপিং, বিউটিফুল হাউজ
আরও পড়ুন:
ঘরে তেলাপোকা দূর করার উপায়
ফ্রিজ থেকে শব্দ হলে, নিজেই ঠিক করুন
এসএকেওয়াই/এএসএম