ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী ইমরান শরীফ (২৩) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।
এ সময় গুরুতর আহত সাইফুল মোল্লা (২২) নামের আরেক যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই মোহাম্মদ মামুন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। আহত দুই আরোহীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।