প্রায় ৩২ মণ (১ হাজার ২৮০ কেজি) ওজনের ফ্রিজিয়ান জাতের বিশালাকৃতির একটি গরু। কুচকুচে কালো রঙের গরুটির নাম ‘কালাপাহাড়’। চার বছর বয়সী গরুটি দুই বছর আগে কিনেছিলেন পাবনার সাঁথিয়ার খামারি জাকির হোসেন মোল্লা। এরপর নিজ বাড়িতেই আরও দুই বছর লালন-পালন করে বড় করেছেন।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গত বৃহস্পতিবার কালাপাহাড়কে নিয়ে তিনি আসেন রাজধানীর হাজারীবাগ পশুর হাটে। এর পর থেকেই বিশালদেহী গরুটি সবার নজর কেড়েছে। কৌতূহলী অনেকে দাম জানতে চাইছেন। তবে ১২ লাখ টাকা দাম শুনে বেশির ভাগ মানুষ আর দরদাম করছেন না।
গতকাল সোমবার বিকেলে হাজারীবাগ হাটে কথা হয় খামারি জাকির হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানুষ আসে, ছবি তোলে, দাম শুধু জিগায়। কিন্তু দাম আর কেউ কয় না। সবাই দাম শুইনাই চইলা যায়।’