পর্দায় তাঁকে দেখলেই দর্শক হাসবেন—বলিউডে প্রায় তিন দশকের ক্যারিয়ারে রাজপাল যাদব যেন এমন এক নিশ্চয়তার নাম হয়ে উঠেছেন। কখনো তাঁর মুখভঙ্গি, কখনো সংলাপ বলার ধরন, কখনো আবার উদ্ভট পরিস্থিতিতে তাঁর অসহায় উপস্থিতি হাসিয়েছে কোটি দর্শককে। অথচ পর্দার সেই হাসির মানুষের নিজের জীবনটা মোটেও হাসির ছিল না। মাত্র ২০ বছর বয়সে স্ত্রীকে হারিয়েছেন। ক্যারিয়ার গড়তে করেছেন দীর্ঘ সংগ্রাম। সিনেমা বানাতে গিয়ে ঋণের জালে জড়িয়েছেন। সেই ঋণ থেকে চেক বাউন্স মামলা, বারবার আদালত আর কারাগার। এবার তাঁর পৈতৃক সম্পত্তিও নিলামে তোলার উদ্যোগ নিয়েছে ব্যাংক।
একদিকে তাঁর অভিনীত সিনেমা হলে দর্শক হাসছেন, অন্যদিকে ব্যক্তিজীবনে চলছে একের পর এক কঠিন অধ্যায়। রাজপালের জীবনের এই দুই বিপরীত ছবি যেন বলিউডের ঝলমলে পর্দার আড়ালের আরেক গল্প।
ছোট শহর থেকে শুরু
১৯৭১ সালের ১৬ মার্চ উত্তর প্রদেশের শাহজাহানপুরের কুন্দ্রায় জন্ম রাজপাল যাদবের। অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে শেষ পর্যন্ত নিয়ে যায় দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায়। সেখান থেকে অভিনয়ের পাঠ নিয়ে শুরুতে টেলিভিশনে কাজ করেন। পরে পা রাখেন সিনেমায়।