গাজীপুরে জবাইকৃত ঘোড়ার পাঁচটি মাথা ও অন্যান্য কাটা অংশসহ আটক ব্যাক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জেলার শ্রীপুর উপজেলার ডালিম মিয়াকে (৪০) এ দণ্ড এবং নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, নাড়ি-ভুড়ি চামড়া ও লেজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ডালিম মিয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি আদালতের কাছে ঘোড়ার গোশতকে গরুর গোশত বলে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এর আগে স্থানীয় জনতা বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (২ নম্বর সিঅ্যান্ডবি) এলাকা থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, নাড়ি-ভুড়ি চামড়া ও লেজসহ তাকে আটক করে। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ দণ্ড দেন ও জরিমানা আদায় করা হয়।

শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন গোলাম মুরর্শেদ মুরাদ বলেন, ‘ডালিম মিয়াকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, নাড়ি-ভুড়ি চামড়া ও লেজসহ আটক করে স্থানীয় জনতা। খবরে পেয়ে প্রাণিসম্পদ অফিসের লোকজন ঘটনাস্থলেই গিয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে সেগুলোকে গরুর গোশত বলে বিক্রি করছেন। তার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে এবং দুইজন ঘোড়া জবাইয়ের পর গোশত নিয়ে চলে গেছে। মাথা, নাড়ি-ভুড়ি চামড়া ও লেজ প্লাস্টিকের বস্তায় ফেলে দেয়ার প্রস্তুতির সময় স্থানীয় জনতা তাকে আটক করেন।’

তিনি আরো বলেন, ‘পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইনে আটক ডালিম মিয়াকে ১৫ দিনের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘোড়ার মাথা ও অন্যান্য অংশ মাটিচাপা দেয়া হয়েছে। জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews