প্রেমের সম্পর্কে সব সতর্কতা যে সরাসরি বিচ্ছেদের ইঙ্গিত দেয়, তা নয়। কিছু আচরণ থাকে, যা সম্পর্ক ভেঙে দেওয়ার মতো গুরুতর না হলেও ভবিষ্যৎ নিয়ে ভাবার কারণ তৈরি করে। সম্পর্কের ক্ষেত্রে এসবকেই বলা যায় ‘হলুদ সংকেত’—অর্থাৎ সতর্ক হয়ে ধীরে এগোনোর ইঙ্গিত।

অতিরিক্ত নির্ভরশীলতা

- Advertisement -

সম্পর্কের শুরুতেই কেউ যদি তার জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত শুধু সঙ্গীকে ঘিরে কাটাতে চান, তাহলে সেখানে অতিরিক্ত মানসিক নির্ভরতা তৈরি হতে পারে। সুস্থ সম্পর্কে ভালোবাসার পাশাপাশি দুজনেরই নিজস্ব সময়, বন্ধু, শখ ও ব্যক্তিগত পরিসর থাকা প্রয়োজন। নিজের আলাদা জগৎ পুরোপুরি হারিয়ে ফেলাও সম্পর্কের ভারসাম্যের জন্য ভালো নয়।

কথাবার্তা ও আচরণে অসঙ্গতি

সঙ্গী নিয়মিত নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় গোপন করলে বা এড়িয়ে গেলে তা বিশ্বাসের ওপর প্রভাব ফেলতে পারে। মুখে এক কথা বলা কিন্তু কাজে তার বিপরীত আচরণ করাও ভাবনার বিষয়। অতীতের সব সম্পর্কের ব্যর্থতার জন্য শুধু অন্যদের দায়ী করার প্রবণতা থাকলেও সতর্ক হওয়া দরকার।

সম্পর্কে দুজনেরই কিছুটা ছাড় দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সব সময় যদি একজনকেই আপস করতে হয়, তাহলে সেখানে নীরব কষ্ট জমতে পারে। একইভাবে সঙ্গীর ব্যক্তিগত সময়, পছন্দ কিংবা সীমারেখাকে গুরুত্ব না দেওয়াও অবহেলার লক্ষণ হতে পারে।

জীবনযাপন ও অর্থনৈতিক অভ্যাস

পরিবারের সঙ্গে সঙ্গীর সম্পর্ক কেমন, সেটিও গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা কিংবা একেবারেই সম্পর্ক না থাকা—দুটিই আলোচনার বিষয় হতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় কেনাকাটা, দায়িত্বহীনভাবে ঋণ করা বা অর্থ ব্যবহারে পরিকল্পনার অভাব ভবিষ্যৎ দাম্পত্য জীবনে চাপ তৈরি করতে পারে।

সঙ্গীর আগের সম্পর্কগুলোর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা বারবার ঘটেছে কি না, তা খেয়াল করা যেতে পারে। বারবার দ্রুত সম্পর্ক তৈরি করা এবং একইভাবে তা ভেঙে যাওয়ার প্রবণতা থাকলে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলা ভালো।

নিজের অনুভূতিকে গুরুত্ব দিন

কোনো নির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও সঙ্গীর সঙ্গে থাকলে যদি বারবার অস্বস্তি বা অজানা দ্বিধা তৈরি হয়, সেটিকে একেবারে উপেক্ষা করা উচিত নয়। কাছের ও বিশ্বস্ত মানুষের নিরপেক্ষ মতামতও কখনো পরিস্থিতি বুঝতে সাহায্য করতে পারে।

তবে ‘হলুদ সংকেত’ মানেই সম্পর্ক শেষ করে দিতে হবে—এমন নয়। বরং এটি সম্পর্কের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে তা ঠিক করার সুযোগ। অভিযোগ না করে শান্তভাবে নিজের অনুভূতি, ভালো লাগা ও অস্বস্তির জায়গাগুলো সঙ্গীর সঙ্গে আলোচনা করা জরুরি। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে।

ভালোবাসার সম্পর্কে মতের অমিল থাকবেই। তবে সেই অমিলকে বোঝাপড়া, সম্মান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামলে নেওয়াই সুস্থ সম্পর্কের পরিচয়। ছোট ছোট সতর্ক সংকেত সময়মতো বুঝতে পারলে সম্পর্ক আরও দৃঢ়, সুন্দর ও বিশ্বাসভিত্তিক হয়ে উঠতে পারে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews