পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভক্ত-অনুরাগী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। প্রতিবারের মতো এবারের ঈদেও প্রেক্ষাগৃহে রাজত্ব করছেন শাকিব খান। ঈদ মানেই যেন শাকিব খানের নতুন ছবি আর সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হলগুলোতে অলরেডি শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। সেই উন্মাদনাকে আরও ঘনীভূত করতে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন শাকিব।
গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান কিং খান। শাকিব খান তার শুভেচ্ছা বার্তায় লেখেন, "ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এবারের ঈদুল আজহায় আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমার নতুন সিনেমা 'রকস্টার'।"
মেগাস্টার আরও জানান, "ইতোমধ্যেই সিনেমাটির টিজার,গান— সমস্ত কনটেন্ট আপনাদের ভালোবাসায় ধন্য। দেশ-বিদেশ থেকে আসছে ভূয়সী প্রশংসা। তাই এবারের ঈদ আনন্দে আপনাদের পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে উপভোগ করুন রকস্টার। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক।"
এদিকে প্রিয় তারকার এমন শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বাসিত ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা প্রিয় নায়ককে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার নতুন ছবির সাফল্য কামনা করছেন।