বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। ৮৩ বছর বয়সেও তাঁর স্বাস্থ্য, কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো পোস্ট মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার রাতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

তবে পরে জানা যায়, বিষয়টি পুরোপুরি গুজব। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেটি ছিল তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। হাসপাতালে ভর্তি রাখার কোনো প্রয়োজন হয়নি।


বচ্চন পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি। তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন এবং সব পরীক্ষা শেষে বাড়ি ফিরে এসেছেন।’



মূলত গুজবের সূত্রপাত হয় বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানির এক প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়েছিল, ১৬ মে থেকে নানাবতি হাসপাতালের ভিআইপি উইংয়ে ভর্তি আছেন অমিতাভ। এমনকি তাঁর পেটে সমস্যা দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে খবরটি।কিন্তু খুব দ্রুতই সেই দাবির অসত্যতা সামনে আসে। কারণ, রোববারও মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে অমিতাভকে। এছাড়া তাঁকে নিজেই গাড়ি চালিয়ে যাতায়াত করতেও দেখা যায়। এতে পরিষ্কার হয়ে যায়, হাসপাতালে ভর্তি থাকার খবরটি সঠিক নয়।



বুধবার ভোরে নিজের ব্লগ পোস্টেও ভক্তদের আশ্বস্ত করেন এই অভিনেতা। রসিকতা করে তিনি লেখেন, ‘ঈগল যখন চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খাচ্ছি, আর কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’অমিতাভের এই মন্তব্যের পর স্বস্তি প্রকাশ করেন ভক্তরা। অনেকেই বলেন, তিনি আগের মতোই স্বাভাবিক ও প্রাণবন্ত আছেন।

সম্প্রতি নিজের স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথাও বলেছেন অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছেন। তাঁর ভাষায়, ‘রাত কেটে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান সাত ঘণ্টা ঘুমের কথা বললেও কাজের ব্যস্ততায় তা সবসময় সম্ভব হয় না।’ঘুম না এলে গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত শোনেন বলেও জানিয়েছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews