যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবারো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম শর্ত ছিল গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। সে অনুযায়ী ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলেও নিয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি অমান্য করে প্রথম দিনেই ইসরাইলের হামলায় লেবাননে নিহত হয়েছে ২৫৪ জন।

ইসরাইলের এ আগ্রাসনের প্রতিবাদে ইরান আবারো হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইসরাইল যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ না করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আর কোনো জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। যদিও প্রণালীটি বন্ধ করার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও উপসাগরীয় অঞ্চলের অন্তত তিনটি দেশে সাইরেনের শব্দ শোনা গেছে। যার অর্থ, এসব দেশে এখনও হামলা বন্ধ হয়নি। তবে এসব হামলার ফলে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল হবে কি না, তা স্পষ্ট নয়।

ইরান জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের নতুন নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা সম্ভব হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সাথে মিলে ভূগর্ভে মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে কাজ করবে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানসহ কয়েকটি দেশ জানায়, লেবাননে সংঘর্ষ সাময়িকভাবে থামবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নামে দেশটিতে নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা করছে ইসরাইল। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের কেন্দ্রস্থলের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় আঘাত হানে ইসরাইল। মাত্র ১০ মিনিটে শতাধিক জঙ্গি বিমান নিয়ে লেবানন জুড়ে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরাইল। এতে এখন নিহতে সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪। আহত হয়েছেন অন্তত দেড় সহস্রাধিক মানুষ।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে আজই সবচেয়ে বড় সমন্বিত হামলা চালিয়েছে তারা। বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ।

সূত্র: গার্ডিয়ান, সিবিসি নিউজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews