সিলেটে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কবির আহমদ বৃহস্পতিবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফুলবাড়ি ইউনিয়নের নয়া মসজিদের সামনে যাওয়ামাত্র পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/কেএইচটি